জার্মান আর স্কটিশদের লড়াই দিয়ে আজ পর্দা উঠছে ইউরোর

ওয়েম্বলির সেই রোমাঞ্চকর রাতটা এখনো চোখে ভাসে। দোমেনিকো বেরার্দির শটটা পিকফোর্ডকে কোনো সুযোগ না দিয়ে জড়িয়ে গেল জালে। স্বাগতিক ইংল্যান্ডকে কাঁদিয়ে ইউরো শিরোপা নিজেদের করে নিল মানচিনির অদম্য ইতালি। ২০২১ সালের ১২ জুলাইয়ের রাতটা ইতালিয়ানদের জন্য এসেছিল একরাশ আনন্দের উপলক্ষ হয়ে।

এর পরের সময়টা ইতালি চাইবে ভুলে যেতে। ২০২২-এর ২ মার্চ রাতে তারা বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে বসে। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ স্বপ্ন শেষ হয় ইতালির। সেই দুঃসময়টা বয়ে বেড়াচ্ছে তারা এখনো। তাই তো আরেকটি ইউরো যখন কড়া নাড়ছে, তখন শিরোপা জয়ের প্রশ্নে বর্তমান চ্যাম্পিয়নদের নামই নিচ্ছেন না ফুটবলপ্রেমীরা।

আজ জার্মানিতে শুরু ইউরোপের শ্রেষ্ঠত্বের আসরের শিরোপা দৌড়ে স্বাগতিক জার্মানির সঙ্গে উচ্চারিত হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল ও স্পেনের নাম।

শুরুর দিনেই মাঠে নামবে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। যদিও সর্বশেষ তারা শিরোপা জিতেছিল ১৯৯৬ সালে। ২০১৪ বিশ্বকাপ জয়ীদের অবশ্য সময়টা খুব ভালো কাটছে না। শেষ দুটি বৈশ্বিক আসরের গ্রুপপর্ব থেকে বাদ পড়তে হয়েছে তাদের। ইউরোর গত আসরে বিদায় দ্বিতীয়পর্ব থেকে ইংল্যান্ডের কাছে হেরে।

‘এ’ গ্রুপে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় আজ তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।