বন্ধুকে বাঁচাতে গিয়ে আরেক বন্ধুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বাড়ির পুকুরে পাশে হাঁটতে গিয়ে পানিতে পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা একই মাদ্রাসার শিক্ষার্থী ছিল। ঈদের ছুটিতে বাড়িতে এসে ঘুরতে বের হয় তারা।

আজ শুক্রবার (১৪ জুন) সকালে কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ পশ্চিম পাড়া মোড়লপাড়া এলাকায়  কাইয়ুম মন্ডলের পুকুরের পানিতে ডুবে এ দুই শিশুর মৃত্যু হয়। পরে স্বজনরা পানিতে থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিহত এক শিশুর নাম নাসিব হাসান (১০)। সে কাওরাইদ মোড়লপাড়া গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে অপরজন ও নিহ জাহিদ হাসান (১০) কাওরাইদ সোনাব গ্রামের কালু মিয়ার ছেলে। তারা দুজনেই পাশের কাওরাইদ স্টেশন মহল্লার দারুল উলুম মাদ্রাসায় হেফ্জ বিভাগের ছাত্র ছিল।

স্বজনরা জানান, নাসিব ও জাহিদ  ছুটি পেয়ে বাড়ি চলে আসে। আজ সকালে নাসিব তার বন্ধু (ক্লাসমেট) জাহিদকে তাদের বাড়ি আসতে বলে। জাহিদের বাড়ি অন্য গ্রামে। সকালে তারা দুজনেই বাড়ির পাশে কাটা নতুন এক পুকুর পাড়ে হাঁটছিল। এ সময় আচমকা পা পিছলে একজন পানিতে পড়ে গেলে অন্যজন উদ্ধারে নামে। পরে দুজনই পানিতে ডুবে মারা যায়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, দুই শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। পরে স্বজনরা তাদের লাশ নিয়ে গেছে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে দুটি মরদেহ হস্তান্তর করা হয়েছে।