আর কয়েক ঘণ্টা পর জার্মানিতে শুরু হবে ইউরো ২০২৪ আসর। বেঁচে থাকলে হয়তো এবারের টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকতেন জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। কিন্তু গেল জানুয়ারির ৭ তারিখ বেকেনবাওয়ার চলে গেছেন না ফেরার দেশে।
জার্মান কিংবদন্তিকে ভিন্নভাবে স্মরণ করার, সম্মানিত করার উদ্যোগ নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা।
শরীরী উপস্থিতি না থাকলেও এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের উদ্বোধনীতে 'থাকবেন' বেকেনবাওয়ার।
আজ ১৪ জুন বাংলাদেশ সময় রাত ১ টায় ইউরোর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও স্কটল্যান্ড। তার আগে মিউনিখ ফুটবল অ্যারেনায় উদ্বোধনী অনুষ্ঠানে ট্রফি মাঠে আনতে তার প্রতিনিধিত্ব করবেন বেকেনবাওয়ারের স্ত্রী।
জার্মানির সর্বকালের সেরা ফুটবলারদের একজন বেকেনবাওয়ার। ১৯৭২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে তিনি অধিনায়কত্ব করেছিলেন সেসময় পশ্চিম জার্মানির। একই পরিচয়ে জিতেছিলেন ১৯৭৪ বিশ্বকাপও। পরে কোচ হিসেবে দেশকে জেতান ১৯৯০ বিশ্বকাপ।
উয়েফা বিবৃতিতে জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে ইউরোর ট্রফি নিয়ে আসবেন জার্মানির দুই ইউরো জয়ী অধিনায়ক বের্নার্ড ডিটস ও ইয়ুর্গেন ক্লিন্সমান এবং বেকেনবাওয়ারের স্ত্রী হাইডি। এই উদ্যোগে একসঙ্গে জার্মানির তিন ইউরো জয়ই 'প্রতিফলিত' হবে।