২০২১ কোপা আমেরিকা ফাইনাল, ২০২২ ফাইনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ ফাইনাল- শিরোপা নির্ধারণী এই তিনটি ম্যাচেই গোল করেছেন আনহেল ডি মারিয়া। জিতেছেন দেশের হয়ে তিন শিরোপাই। এ ছাড়াও বিভিন্ন সময়ে আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এ উইঙ্গার।
জাতীয় দলে এত অবদান রাখার পরও ডি মারিয়া প্রাপ্য প্রশংসা পাননি, আর্জেন্টিনার অনেক সমর্থক মনে করেন এমনটি। এবার ডি মারিয়াকে প্রশংসায় ভাসালেন সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার এবং দেশটির বয়সভিত্তিক দলের কোচ হাভিয়ের মাসচেরানো।
কোপা আমেরিকা সামনে রেখে ডি মারিয়াকে প্রশংসায় ভাসিয়ে মাসচেরানো বলেছেন, 'মেসি ও ম্যারাডোনাকে বাদ দিলে আমার কাছে ডি মারিয়া গত ৪০-৫০ বছরে আর্জেন্টিনার সেরা পাঁচ খেলোয়াড়ের মধ্যে থাকবে।'
ডি মারিয়া আর্জেন্টিনার হয়ে সবশেষ ইকুয়েডরের সঙ্গে প্রীতি ম্যাচেও খেলেছেন। সেই ম্যাচে ডি মারিয়ার গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।
২০০৮ সালে বেইজিংয়ে আর্জেন্টিনার সোনার পদক জয়ী দলে একসঙ্গে খেলেছেন মাসচেরানো, ডি মারিয়া ও মেসি।