যে শঙ্কা ছিল শেষ পর্যন্ত সেটিই সত্য হলো। ফ্লোরিডায় গতকাল যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়েছে। মাঠে গড়ায়নি খেলা, এমনকি টসও হয়নি। তাতে এক পয়েন্ট করে পেয়েছে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। ফলে ৪ ম্যাচ থেকে ৫ পয়েন্ট পেয়ে সুপার এইট নিশ্চিত হয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের। আর পাকিস্তানকে বিদায় নিতে হলো গ্রুপ পর্ব থেকেই।
টসের নির্ধারিত সময়ে জানানো হয় লাডারহিলের সেন্ট্রাল বোওব্যার্ড মাঠের আউট ফিল্ড ভেজা। এরপর কয়েক দফা আম্পায়াররা পর্যবেক্ষণ করেন মাঠের পরিস্থিতি। আবারও দেখা দেয় বৃষ্টি। তাতে ম্যাচ পরিত্যক্ত হলে কপাল পোড়ে ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানের। তিন ম্যাচ থেকে পাকিস্তানের পয়েন্ট ২, শেষ ম্যাচে তারা আয়ারল্যান্ডকে হারালেও সর্বোচ্চ পয়েন্ট হবে ৪। ‘এ’ গ্রুপ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে ভারত। পাকিস্তান গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভারে হারে যুক্তরাষ্ট্রের কাছে। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হারে ৬ রানে। এরপর তৃতীয় ম্যাচে কানাডাকে হারালেও তাদের শেষ ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার।