রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দুই বাসের মাঝে চাপা পড়ে হাদিউল ইসলাম সেলিম (৬১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সৌখিন পরিবহন বাসের টিকিট মাস্টার।
আজ শনিবার (১৫ জুন) ভোর পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সূত্রধর জানান, ভোরে ওই ব্যক্তি বাস টার্মিনালে কর্তব্যরত ছিলেন। টার্মিনাল থেকে সৌখিন পরিবহনের একটি বাস বের হচ্ছিল আর তার পাশে অন্য পরিবহনের আরেকটি বাস দাড় করিয়ে রাখা ছিল। তখন ওই টিকেট মাস্টার দুই বাসের মাঝে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এসআই আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ঘটনার পর সৌখিন পরিবহনের ওই বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালককে পাওয়া যায়নি।
স্বজনা জানান, হাদিউল ইসলাম সেলিমের বাড়ি মাগুরার সদর উপজেলায় বর্তমানে গাজীপুরের শ্রীপুরে থাকতেন।