পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে একদিনের সাপ্তাহিক ছুটিসহ মোট সাত দিন বন্ধ থাকবে আমদানি ও রপ্তানি কার্যক্রম। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত আগের মতই স্বাভাবিক থাকবে।
স্থলবন্দর সূত্র জানায়, বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপ, ভারত-নেপাল ও ভুটানের আমদানি রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে গত ৫ জুন শনিবার বাংলাবান্ধা স্থলবন্দরে ঈদুল আজহার জন্য সাত দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আজ ১৫ জুন থেকে ২০ জুন এবং ২১ জুন সাপ্তাহিক ছুটিসহ মোট সাত দিন বন্ধ থাকবে বন্দরের সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম। ২২ জুন আবারও চালু হবে কার্যক্রম। পরে এই সিদ্ধান্তের চিঠির অনুলিপি তিন দেশের আমদানি রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, শ্রমিক সংগঠন, স্থলবন্দর কর্তৃপক্ষ, বন্দর কাস্টমসে দেওয়া হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বলেন, ‘ঈদ উপলক্ষে আমরা সবার সঙ্গে আলোচনা করে একদিন সাপ্তাহিক ছুটিসহ মোট সাত দিন আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’
