বছরে ৩ হাজার কোটির লোভ সামলে সৌদিতে না গিয়ে মায়ামিতে মেসি

বছরে ৩ হাজার কোটি টাকার লোভ সামলেছেন লিওনেল মেসি। পিএসজি থেকে মেসিকে সই করাতে ঝাঁপিয়েছিল আল হিলাল। কিন্তু সৌদি আরবের ক্লাবে না গিয়ে অনেক কম বেতনে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন মেসি। 

সৌদির ক্লাবটি মেসিকে কত টাকার প্রস্তাব দিয়েছিল? তা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জল্পনা শোনা গিয়েছে। এত দিনে মুখ খুলেছে আল হিলাল কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমে তারা জানিয়েছেন, মেসিকে তিন বছরের জন্য সই করাতে চেয়েছিলেন তারা। তিন বছরের জন্য ১.৪ বিলিয়ন ইউরো অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৭৬০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন তারা। আল হিলালে গেলে বছরে ৪ হাজার ১৯২ কোটি টাকা করে পেতেন আর্জেন্টিনার তারকা।

সৌদির ক্লাব আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনালদো বছরে ৬৪১ কোটি টাকা পান। অর্থাৎ, আল হিলালে গেলে রোনালদোর প্রায় সাত গুণ টাকা পেতেন মেসি। কিন্তু তিনি সই করেন মায়ামিতে। কারণ, মেসির পরিবার চেয়েছিল তিনি আমেরিকায় খেলুন। 

তাছাড়া মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহ্যামের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণে সেখানে সই করেন মেসি। মায়ামিতে তিনি বছরে ১ হাজার ২৩১ কোটি টাকা পান। অর্থাৎ, বছরে প্রায় ৩০০০ কোটি টাকার লোভ সামলেছেন মেসি।

আপাতত মেসি ব্যস্ত দেশের হয়ে খেলতে। আগামী ২০ জুন থেকে শুরু কোপা আমেরিকা। আরও এক বার কোপা জিততে মরিয়া লিয়ো। সেই লক্ষ্যেই নামবেন তিনি।