মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে স্বপ্নময় নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঈদুল আজহার দিন সোমবার (১৭ জুন) সকালে উপজেলার গালা ইউনিয়নের কালই (মনিঋষি পাড়ায়) এ ঘটনা ঘটে। স্বপ্নময় ওই এলাকার ভবতোষের ছেলে।
এলাকাবাসীর ধারণা সাপটি বিষধর রাসেল ভাইপার। স্থানীয় ইউপি সদস্য মো. আলী হোসেন সাপের কামড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুটির স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্না ঘরের পাশে হাঁটছিল শিশুটি। এ সময় তাকে বিষধর একটি সাপ কামড় দিয়ে চলে যায়। শিশুটি হঠাৎ কান্নাকাটি শুরু করলে পরিবারের লোকজন এগিয়ে আসে। কিন্তু কেউ কোনো সাপ না দেখায় কিছু বুঝতে পারে না। সবাই ভাবে হয়ত ভিমরুলে কামড় দিয়েছে।
এরপর প্রতিদিনের মতো খাওয়া শেষে শিশুটি ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর শিশুর চেহারা অস্বাভাবিক হয়ে গেলে পরিবারের সদস্যরা তারা প্রথমে ওঝার কাছে নিয়ে যায়। সেখান থেকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
গালা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলী হোসেন বলেন, দেড় বছরের ছেলেটি সাপের কামড়ে মারা গেছে। ঘটনাটি দুঃখজনক। এলাকায় শোকের পাশাপাশি মানুষের মধ্যে সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবার ঝোপঝাড়সহ বাড়ির আঙিনা পরিষ্কার রাখা উচিত।