নেপালকে ২১ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। ফলে সেমিফাইনালের টিকিট পাওয়ার জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে নাজমুল হোসেন শান্তদের।
গ্রুপে কঠিন প্রতিপক্ষ পেলেও মুশফিকুর রহিমের বিশ্বাস, শেষ চারে খেলার সামর্থ্য আছে বাংলাদেশের।
গতকাল ঈদের নামাজ শেষে বগুড়াতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুশফিক বলেন, 'ভালো খেলছে যতদূর দেখলাম। সেমিফাইনাল পর্যন্ত যেন অন্তত যেতে পারি। আমাদের সেই সামর্থ্য আছে। আমি এই আশা করি এবং দলের জন্য দোয়া করি।'
টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও মুশফিক টেস্ট-ওয়ানডে খেলছেন নিয়মিত। জাতীয় দলের পরবর্তী খেলা নিয়ে মুশফিক বলেন, 'বিশ্বকাপের পর পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ আছে। ইনশাআল্লাহ সেজন্য প্রস্তুত হচ্ছি। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই।'
মুশফিক যোগ করেন, 'সবাই যার যার পরিবার, আত্মীয়স্বজন ও গরীব মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। সবাই যেন সহি সালামতে ও নিরাপদে কোরবানি করেন।'