হাসপাতালে ভর্তি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় হাসপাতালে আছেন। পেসমেকার পাল্টানোর জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে তার।

অস্ত্রোপচারের মাধ্যমে তার নতুন পেসমেকার বসানো হয়েছে। বর্তমানে ভালো আছেন ‘মানবজমিনের’লেখক।

সোমবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার।  

হৃদযন্ত্রের জটিলতা এড়াতে শীর্ষেন্দুর বুকে অনেকদিন ধরেই পেসমেকার বসানো রয়েছে। চিকিৎসার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর সেই পেসমেকার বদলাতেও হয়। সাহিত্যিকের পেসমেকার পুরোনো হয়ে গিয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

হাসপাতাল থেকে জানানো হয়েছে, লেখকের অবস্থা এখন স্থিতিশীল। কয়েকদিন পরেই ছেড়ে দেওয়া হবে দুই বাংলার এই জনপ্রিয়বর্ষীয়ান সাহিত্যিককে।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ১৯৩৫ সালের ২ নভেম্বর বাংলাদেশের ময়মনসিংহে। দেশভাগের সময় তিনি ভারতে চলে আসেন। বাবার রেলের চাকরির সুবাদে তিনি ভারতের বিভিন্ন স্থান ঘুরে থিতু হন কলকাতায়।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এখন বয়স ৮৮ বছর। তিনি ১৯৮৮ সালে ‘মানবজমিন’ উপন্যাসের জন্য পেয়েছিলেন ভারতের সাহিত্য একাডেমি পুরস্কার। পেয়েছেন আনন্দ পুরস্কারসহ আরও অনেক পুরস্কার।