মাদারীপুরের রাজৈরে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ দুইজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ জুন) সকাল ১১টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাটের সীমান্তবর্তী এলাকায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকায় যাত্রীবাহী বাস, প্রাইভেট কার ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও দুই যাত্রী আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
নিহতরা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা গ্রামের শুকুর আলীর ছেলে ইজিবাইক চালক রাজিব শেখ (২৫) ও একই উপজেলার রাঘদি ইউনিয়নের মোল্লাদি গ্রামের কুটি মিয়া শেখের ছেলে সাহেব আলী শেখ (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে মাদারীপুরগামী একটি প্রাইভেটকার ও টেকেরহাটগামী একটি ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকে থাকা ৪ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক রাজিবকে মৃত ঘোষণা করেন। এবং অপর তিন জনকে আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে সাহেব আলী মারা যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আবু নোমান জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।