পবিত্র ঈদুল আজহার ছুটির মধ্যেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লক, এইচডিইউ, সাধারণ জরুরি বিভাগ, পথ্য বিভাগ, কার্ডিয়াক ইমার্জেন্সি, ডি–ব্লকে রাউন্ড দেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে অধ্যাপক ডা. আতিকুর রহমান কর্মরত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ঈদুল আজহার ছুটির মধ্যে রোগীদের চিকিৎসাসেবার যাতে কোনো ঘাটতি না হয় সে বিষয়ে দিকনির্দেশনা দেন ও খোঁজখবর নেন। এ ছাড়া রোগীরা যাতে জরুরি পরীক্ষা-নিরীক্ষা সেবা পায় সে বিষয়েও খোঁজ-খবর নেন উপ-উপাচার্য। এ ছাড়া, তিনি পথ্য বিভাগে খাবারের মান ও পরিবেশ যাচাই করেন।
বিএসএমএমইউ সূত্র জানায়, ঈদুল আজহার ছুটির মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনডোর ও সাধারণ জরুরি বিভাগসহ বিভিন্ন জরুরি বিভাগের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। তবে আজই আজহার ছুটি শেষ হচ্ছে, অর্থাৎ আগামীকাল (বুধবার) বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল বহির্বিভাগসহ সম্পূর্ণরূপে খোলা থাকবে।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, সহযোগী অধ্যাপক ডা. মো. নূর-ই-এলাহী মিম, উপপরিচালক (হাসপাতাল) ডা. বেলাল এইচ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।