ইমামকে মারধরের পর এবার সাংবাদিকের মোবাইল ভাঙচুর

গাজীপুরের শ্রীপুরে পবিত্র ঈদুল আজহার দিনে মসজিদ কমিটির সভাপতির কোরবানির পশু জবাইয়ে দেরি করায় ইমামকে মারধর ও চাকরিচ্যুত করার একদিন পর এ নিয়ে খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করল সভাপতি কফিল উদ্দীনের পরিবার।

গতকাল মঙ্গলবার (১৮ জুন) দুপুরে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওর্য়াডের ভাংনাহাটি মধ্যপাড়া বায়তুন নূর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এদিন ডিবিসি নিউজের গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদা সিকদার ক্যামেরাম্যানসহ সেখানে খবর সংগ্রহ করতে গিয়েছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় তারা রক্ষা পান। তবে ভাঙচুরের সময় মসজিদ কমিটির সভাপতি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

অভিযোগ উঠেছে, বায়তুন নূর জামে মসজিদ কমিটির সভাপতি কফিল উদ্দীন আড়ালে থেকে তার ভাতিজা সেলিম মিয়া ও বাড়ির লোকজন দিয়ে হামলা চালিয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

ডিবিসি নিউজের গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদা সিকদার বলেন, একটি খবর সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে অভিযুক্তের ভাতিজা সেলিম মিয়া উত্তেজিত হয়ে আমাদের ক্যামেরাপারসন রমজান আলীর ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে মোবাইল ফোনও ভেঙে ফেলে। এ সময় সেলিম ও তার পরিবারের সদস্য আমাদের ওপর তেড়ে আসে।

এ বিষয়ে অভিযুক্ত সেলিম মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বক্তব্য দিতে রাজি হননি। শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিব।

এর আগে গত ১৭ জুন সকালে কফিল উদ্দীনের কোরবানির পশু জবাইয়ে দেরি করায় ইমাম আবুবক্কর সিদ্দিককে মারধর করে চাকরিচ্যুত করা হয়। পরে তাকে নানা হুমকি দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে। আবুবক্কর সিদ্দিক এখন শেরপুরের গ্রামের বাড়ি চলে গেছেন। এ নিয়ে এলাকার অন্য মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেন।