কাশিয়ানীতে বন্ধুকে ডেকে নিয়ে হত্যা, আটক ৪ বন্ধু

গোপালগঞ্জের কাশিয়ানীতে বন্ধুদের বিরুদ্ধে আপন শেখ (১৫) নামের এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। আপন কাশিয়ানীর বাঘঝাপা গ্রামের তুহিন শেখের ছেলে এবং কাশিয়ানী পাইলট হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৪ বন্ধুকে আটক করেছে।

মঙ্গলবার (১৮ জন) রাত ৮টার দিকে আপনকে তার বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেখানে তারা রেল ব্রিজের ওপর বসে গল্প করে। কিছুক্ষণ পর তার দুই বন্ধু ব্রিজের নিচ থেকে আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপন শেখের বাবা তুহিন শেখ ও চাচা শাহিন শেখ বলেন, বাড়ি থেকে আপনের বন্ধুরা ডেকে নিয়ে গেছে। তারা একসাথে গেম খেলে এবং পরে পরিকল্পিতভাবে তার বন্ধুরা হত্যা করেছে। তারা হত্যাকারীদের বিচার দাবি করেন।

কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, মৃতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।