বাগেরহাটে বজ্রপাতের দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৯ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ওই দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও একজন। মারা গেছে চারটি গরু ও একটি মহিষ।
নিহতরা হলেন সাইদুর রহমান (২৭) ও সেলিম শেখ (৫৫)। এদের মধ্যে সাইদুর পিসি ডেমা গ্রামের প্রয়াত আমিন হকের ছেলে এবং সেলিম হেদায়েতপুর গ্রামের প্রয়াত কাওসার শেখের ছেলে।
পুলিশ জানায়, সাইদুর রহমান সকালে বাড়ি থেকে গরু নিয়ে পাশের পঞ্চমালা মাঠে চরাতে গেছিলেন। দুপুরে বজ্রসহ বৃষ্টির সময় তিনি মাঠেই ছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সাইদুরের মৃত্যু হয়। ওই মাঠে থাকা আরেক যুবক উজ্জল হাওলাদার আহত হয়। তাকে উদ্ধার করে বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত অপর ব্যক্তি সেলিম শেখও গরু নিয়ে মাঠে গিয়ে বজ্রপাতের শিকার হন। তিনি হেদায়েতপুরের মাঠে গরু চরাচ্ছিলেন।