উইন্ডিজকে উড়িয়ে দিয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বটা কোনোরকমে পাড়ি দিয়েছিল ইংল্যান্ড। স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তারা ছিল বিদায়ের শঙ্কায়। তবে উদ্ধার হয়ে জায়গা নেয় সুপার এইটে। আর সেখানে তারা ফিরে পেয়েছে চেনা ছন্দ। প্রথম ম্যাচে উইন্ডিজকে উড়িয়ে তারা শুরু করেছে সুপার এইট।

সেইন্ট লুসিয়াতে আজ স্বাগতিক উইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। 

আগে ব্যাট করে ১৮০ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বিশ্বকাপের এবারের আসরের আয়োজকরা। ক্যারিবিয়ান কোনো ব্যাটসম্যানই ফিফটি পাননি। ত্রিশোর্ধ্ব রানের ইনিংস আছে তিনটি। তাতেই ১৮০। সর্বোচ্চ ৩৮ রান করেন জনসন চার্লস। এছাড়া নিকোলাস পুরান ও রোভমেন পাওয়েল আউট হন ৩৬ রান করে।

ইংলিশদের হয়ে জোফরা আর্চার, মঈন আলি, আদিল রশিদ ও লায়াম লিভিংস্টোন একটি করে উইকেট আদায় করেন।

১৮১ রানের জবাবে ১৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংলিশরা। ফিল সল্ট সর্বোচ্চ ৮৭ রান করেন।