লেবাননে যুদ্ধ হলে সাইপ্রাসে হামলার হুমকি হিজবুল্লাহর

গাজা যুদ্ধ এবং সীমান্ত হামলার ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে লেবানন ও ইসরায়েলের মাঝে। একে অপরের বিরুদ্ধের যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে দুই দেশ। এরই মাঝে জড়াল মধ্যপ্রাচ্যের আরেক দেশ সাইপ্রাসের নাম।

লেবাননে ইসরায়েলের যুদ্ধ হলে প্রথমবারের মতো ইউরোপের দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছে লেবানের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির মতে, সর্বাত্মক যুদ্ধ শুরু হলে সাইপ্রাস দখলদার ইসরায়েলি বাহিনীকে তাদের বন্দর ও ঘাঁটি ব্যবহার করতে দিতে পারে।

স্থানীয় সময় বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই হুমকি দেন হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ। খবর সিএনএন ও আল জাজিরার।

লেবানিজ এবং ইসরায়েলি উপকূলের পশ্চিমে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদস্য সাইপ্রাসকে হুঁশিয়ারি দিয়ে নাসরুল্লাহ বলেন, তাদের কাছে তথ্য রয়েছে যে ইসরায়েল সাইপ্রাস ভূখণ্ডে সামরিক মহড়া চালাচ্ছে।

তিনি আরও বলেন, ‘লেবাননে বড় যুদ্ধের ক্ষেত্রে সামরিক অবকাঠামো আক্রমণের লক্ষ্যে ইসরায়েল সাইপ্রাসের বিমান বন্দর এবং ঘাঁটি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা করছে।‘

তিনি বলেন, "লেবাননকে লক্ষ্যবস্তু করার উদ্দেশ্যে ইসরায়েলিদের কাছে সাইপ্রিয়ট বিমানবন্দর এবং ঘাঁটি ব্যবহারের অর্থ হল সাইপ্রাসের সরকারও যুদ্ধের অংশ হয়ে উঠেছে। আমরা প্রতিরোধ যুদ্ধের অংশ হিসেবে এটি মোকাবেলা করবো।"

নাসরাল্লাহ আরও সতর্ক করে বলেন, ‘হিজবুল্লাহ ভূমধ্যসাগরে ইসরায়েলের বিরুদ্ধে একটি নৌ বাহিনী স্থাপন করবে।‘

এদিকে কোন ধরনের যুদ্ধে জড়িত নয় বলে দাবি জানিয়েছে দ্বীপ রাষ্ট্র সাইপ্রাস। হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহর হুমকির জবাবে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডস এক বিবৃতিতে জানিয়েছেন, “তার দেশ কোনভাবেই যুদ্ধ সংঘাতে জড়িত নয়।"

বিবৃতিতে তিনি বলেন, “সাইপ্রাস প্রজাতন্ত্র কোন সমস্যার অংশ নয়। সাইপ্রাস প্রজাতন্ত্র সমাধানের অংশ।”