দীর্ঘ ২৪ বছর পর ২ দিনের সফরে উত্তর কোরিয়া গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উত্তর কোরিয়া সফরে গিয়ে বিশ্বজুড়ে নতুন করে হইচই ফেলেছেন পুতিন, যা নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা বিশ্লেষণ।
কৌশলগত সামরিক চুক্তির পাশাপাশি পুতিন ও কিম জং উন একে অপরকে দিয়েছেন বেশ কিছু উপহারও। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দুটি পুংসান জাতের কুকুর উপহার দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
বৃহস্পতিবার কোরিয়ার সেন্ট্রাল টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি বেড়ার মধ্যে আটকানো কুকুর দুইটির দিকে তাকিয়ে রয়েছেন পুতিন ও কিম। পুতিনতে দেওয়া এই কুকুর শিকারি জাতের। এটি উত্তর কোরিয়ার জাতীয় কুকুরের জাত। পুংসান একটি অত্যন্ত বিরল কুকুরের জাত, যা মূলত উত্তর কোরিয়ার বাইরে পাওয়া যায় না।
পুংসান কুকুরের জাতটি তার মালিকের প্রতি খুব অনুগত এবং আক্রমণের সময় অতি হিংস্র। তারা কোনো বিষয় হুমকি মনে করলে তারা সাথে সাথে তার দিকে ঝাঁপিয়ে পড়ে শিকারের গলায় কামড় দেয়।
এর আগে বুধবার সকালের উত্তর কোরিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন কিম জং উন। পরে সেখানে পুতিনকে স্বাগত জানান কিম।
২৪ বছরের মধ্যে উত্তর কোরিয়ায় এটাই পুতিনের প্রথম সফর। ইউক্রেনে হামলার পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক আরও জোরালো হয়েছে। দুই দেশই পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়ছে।