চাঁদপুরে মেঘনা নদীতে গোসলে নেমে জহিরুল ইসলাম (৩০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় চাঁদপুর শহরের বড়সেটশন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিআইডাব্লিউটিএ ও নৌ ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরিদল অভিযান শুরু করেছে।
নিখোঁজ জহিরের ভাই নজরুল ইসলাম বলেন, আমার ভাই সাঁতার জানতেন। এ জন্য প্রতিদিন নদীতে গোসল করত। বৃহস্পতিবার তার স্ত্রী মনিরা বেগমসহ গোসল করতে নেমে আর ওঠেনি। আমরা ধারণা করছি, নদীর তীব্র স্রোতে তিনি ডুবে গেছেন।
স্থানীয়রা জানায়, নিখোঁজ জহিরুল স্ত্রী ও দুই সন্তান নিয়ে বড়স্টেশন মেঘনাপাড়ে ভাড়া বাসায় থাকতেন। জহির কখনো অটো চালাতেন আবার কখনো লঞ্চঘাটে বাদাম বিক্রি করতেন।
চাঁদপুর নৌ-ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম মিয়জী বলেন, বৃহস্পতিবার সকালে নিখোঁজের খবর পেয়ে ডুবুরি দল নিয়ে উদ্ধারে অভিযান শুরু করি। কিন্তু নদীর তীব্র স্রোতে উদ্ধার অভিযান চালানো কষ্ট হচ্ছে।