৫ তলা থেকে পড়ে রহস্যময় মৃত্যু ভারতের সাবেক পেসারের

বৃহস্পতিবার দুপুরে পাঁচ তলার বারান্দা থেকে পড়ে আহত হন ভারতের সাবেক পেসার ডেভিড জনসন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ডেভিড জনসনের এমন রহস্যময় মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তার সতীর্থ ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে।

কুম্বলে ও জনসন এক সময় কর্নাটকের হয়ে খেলতেন। ভারতীয় দলেও একসঙ্গে খেলেছেন দুজন। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘আমার সতীর্থ ডেভিড জনসনের মৃত্যুতে শোকাহত। ওর পরিবারকে সমবেদনা জানাই। খুব তাড়াতাড়ি চলে গেল বেনি।’

https://twitter.com/anilkumble1074/status/1803708212040057108

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন জনসন। বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হওয়ায় তিনি আত্মহত্যা করতে পারেন বলেও মনে করছেন অনেকে। তাই জনসনের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এমনকি পুলিশ তদন্তও শুরু করেছে।

১৯৭১ সালে জন্ম জনসনের। ১৯৯৬ সালে ভারতের হয়ে মাত্র দুটি টেস্ট খেলেছিলেন তিনি। কিন্তু দুই ম্যাচে তিনটির বেশি উইকেট নিতে পারেননি। তবে অনেকেই তাকে মনে রেখেছেন বোলিং গতির কারণে। ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে টেস্টে ঘণ্টায় ১৫৭.৮ কিলোমিটার গতিতে একটি বল করেছিলেন। দেশের হয়ে আর খেলা হয়নি জনসনের। ঘরোয়া ক্রিকেটে কর্নাটকের হয়ে খেলতেন তিনি।

জনসন ৩৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ১২৫টি উইকেট নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। আট বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি। লিস্ট এ ক্রিকেটে ৩৩টি ম্যাচে ৪১টি উইকেট নিয়েছেন জনসন। অবসরের পর কোচিংয়ের সঙ্গেও যুক্ত হয়েছিলেন জনসন।