সৌদি আরবে মাদক বিক্রির চেষ্টার অভিযোগে দুই পাকিস্তানি গ্রেপ্তার হয়েছেন। সম্প্রতি দেশটির মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ২৬ কেজি মেথামফেটামিনসহ তাদের গ্রেপ্তার করে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে গ্রেপ্তারদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।
এদিকে সৌদি কর্তৃপক্ষ জনসাধারণকে মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ এবং বাকি অঞ্চলের ক্ষেত্রে ৯৯৯ নম্বরে কল করে মাদক চোরাচালান বা বিক্রি সংক্রান্ত যে কোনো তথ্য জানাতে আহ্বান জানিয়েছে।
এছাড়াও জনসাধারণের ৯৯৫ নম্বরে বা ই-মেইলের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করার সুযোগ রাখা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, সব তথ্য গোপনীয়তার সঙ্গে বিবেচনা করা হবে।
ইতোমধ্যে দক্ষিণের আসির প্রদশে বর্ডার গার্ড সদস্যরা ১২৩ কিলোগ্রাম হাশিস এবং ৮৯ হাজার ৩৫৫টি ট্যাবলেট জব্দ করেছে বলে জানা গেছে। জব্দ ওষুধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।