নেত্রকোণার মোহনগঞ্জে বন্যার পানিতে ডুবে তোরা মনি (৮) নামের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (২০ জুন) সকালে পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার বিকালে বাড়ির সামনে বন্যার পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয় তোরা মনি। নিহত শিশু উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের গৌড়াকান্দা গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, কযেকদিনের টানা বৃষ্টির পানি বাড়ির সামনের জমি তলিয়ে যায়। বুধবার বিকালে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয় তোরা মনি। পরে বৃহস্পতিবার সকালে পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
তিনি আরও বলেন, অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।