যেভাবে ৫০ বছর পর ‘গরু গিলে ফেলা’ রোলেক্স ঘড়ি ফিরে পেলেন কৃষক

সেই সত্তরের দশকের প্রথম দিকে যুক্তরাজ্যের কৃষক জেমস স্টিলের হাতে থাকা দামি রোলেক্স ঘড়িটি হারিয়ে যায়। সে সময় তিনি ভেবেছিলেন ঘাসের সঙ্গে ‘গরু হয়তো ঘড়িটি গিলে ফেলেছে’। শ্রপশায়ারের এই কৃষকের বয়স এখন ৯৫ বছর। তবে ওই ঘড়ি যে ৫০ বছর পর তিনি ফেরত পাবেন, তা কখনো কল্পনাও করতে পারেননি।

শ্রপশায়ারের ওসওয়েস্ট্রির মরডা গ্রামের বাসিন্দা জেমস ভেবেছিলেন, তিনি আর কোনো দিন ঘড়িটি খুঁজে পাবেন না। বিবিসিকে জেমস বলেন, মনে হয়েছিল, গরুটি মুখভর্তি ঘাসের সঙ্গে ঘড়িটিও গিলে ফেলতে পারে। অথচ তার জমি থেকেই সেই ঘড়ি উদ্ধার হয়েছে। ধাতুর খোঁজে মেটাল ডিক্টেটর দিয়ে জমিতে তল্লাশি চালানোর সময় একজন ঘড়িটি খুঁজে পান এবং জেমসকে তা ফিরিয়ে দেন।

ঘড়িটি খুঁজে পাওয়ার পর জেমস বলেন, আমি খুবই খুশি। আমি কখনো ভাবিনি ঘড়িটিকে আবার দেখতে পাব। কিন্তু এখন এটি আমার হাতে। যদিও সেটির কেবল অর্ধেকটা চেইন আছে। বাকি অর্ধেক ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। অবশ্য ঘড়িটি খুঁজে পেলেও সেটি এখন আর সচল নয়। সেটির রংও কিছুটা সবুজাভ হয়ে গেছে। কিন্তু সেটিতে মরিচা ধরেনি বলে জানান এই কৃষক।

বিশ্বে বিলাসবহুল হাতঘড়ির জগতে অন্যতম নাম রোলেক্স। ১৯০৫ সালে যাত্রা শুরু করা কোম্পানিটি বিশ্বে প্রথম ওয়াটারপ্রুফ বা পানিরোধী ঘড়ি প্রস্তুত করে। রোলেক্সের দামি ঘড়িগুলো সব কোটি টাকার ওপরে। আর সবচেয়ে কম দামি ঘড়িটির দামও বাংলাদেশি মুদ্রায় দুই লাখ টাকার বেশি।