শেষ মুহূর্তের গোলে টিকে রইলো সার্বিয়া

২৪ বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপের মঞ্চে ফেরা স্লোভেনিয়া নিজেদের দ্বিতীয় ম্যাচেই দেখছিল জয়ের স্বপ্ন। ম্যাচের তখন যোগ করা সময় চলছে। স্লোভেনিয়া এগিয়ে সার্বিয়ার বিপক্ষে। খেলা শেষ হতে বাকি আর ৩০ সেকেন্ড। সেই সময় সার্বিয়ার হয়ে গোল শোধ দেন লুকা জভিচ

আজ ইউরোতে সি গ্রুপে স্লোভেনিয়া ও সার্বিয়া ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ইউরো খেলতে আসা স্লোভেনিয়া প্রথম ম্যাচে ডেনমার্কের বিপক্ষে আগে গোল হজম করে তা শোধ করেছিল। আর বৃহস্পতিবার তারা পেল উল্টো স্বাদ। আগে গোল করে পরে হজম করল। কর্নার থেকে সতীর্থের দেওয়া এক বলে মাথা ছুঁয়ে জভিচ গোলটি করেন।

সার্বিয়ার জভিচের গোলের পর মাথায় হাত দিয়ে বসে পরেন স্লোভেনিয়ার খেলোয়াড়রা। গোল হজম না করলে ইউরো টুর্নামেন্টে এটিই যে হতো তাদের প্রথম জয়। স্লোভেনিয়ার হয়ে ম্যাচের ৬৯ মিনিটে গোলটি করেন জান কার্নিচনিক।

দুই ম্যাচে দুই ড্রতে ২ পয়েন্ট স্লোভেনিয়ার। সার্বিয়া দুই ম্যাচ থেকে এক পয়েন্টে টিকে রইল টুর্নামেন্টে। গ্রুপের অপর দুই দল ইংল্যান্ড ও ডেনমার্কের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায়।