বরিশালে দুই বাসের সংঘর্ষে একজন নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রী বাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এছাড়া ৬ জন বাসযাত্রী আহত হয়েছে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)-এ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেল ৫টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এয়ারপোর্ট মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি তদন্ত লোকমান হোসেন। নিহত মোসাম্মৎ খাদিজা বেগম (৪২) বরিশালের উজিরপুর উপজেলা সদরের নয়াবাড়ী এলাকার আজিজ তালুকদারের স্ত্রী।

স্থানীয় ও হতাহতদের সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে উজিপুর সাতলার উদ্দেশ্যে ফরহাদ পরিবহনের একটি বাস রওয়ানা দেয়। বাসটি ঢাকা-বরিশাল মহাসড়ক হয়ে বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট মোড় অতিক্রমকালে বিপরীতদিক থেকে আসা সামি-সাদী নামক অপর যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফরহাদ পরিবহনের বাস থেকে ছিটকে পড়ে চাকার নিচে চাঁপা পড়ে মোসাম্মৎ খাদিজা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

এদিকে খবর পেয়ে বাবুগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে চাকা কেটে নিহত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি তদন্ত লোকমান হোসেন বলেন, দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এছাড়াও চার যাত্রী আহত হয়েছে। আহত ৬ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে। দুর্ঘটনার পর দুই বাসের চালক পালিয়েছে। বাস দুইটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।