সেপ্টেম্বরে ভারতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ

বাংলাদেশ দল ভারতে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০১৯ সালে। সেবার দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ দল। প্রায় পাঁচ বছর পর আবারও ভারত সফরে যাচ্ছেন নাজমুল-মুশফিকরা।

বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ দিয়েই ঘরের মাঠে ২০২৪-২৫ আন্তর্জাতিক মৌসুম শুরু করবে ভারত। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। সিরিজের দুটি টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টটি শুরু হবে। দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুর, শুরু হবে ২৭ সেপ্টেম্বর। সফরের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৬, ৯ ও ১২ অক্টোবর। এই তিন ম্যাচের ভেন্যু ধর্মশালা, দিল্লি ও হায়দরাবাদ।