সিরাজগঞ্জের শাহজাদপুরে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর একটি মুদি দোকান দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত আরও দুজনের মৃত্যু হয়েছে। গত বুধবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে ওইদিন রাত ১১টার দিকে নিশ্চিত করেন শাহজাদপুর থানার ওসি আসলাম হোসেন। নিহতরা হলো গালিব (১৫) ও ফরহাদ হোসেন (৪০)। এ নিয়ে এই সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হলো। এর আগে গত মঙ্গলবার সকালে উপজেলার গালা ইউনিয়নের চর বর্ণিয়া গ্রামের এ সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে সানোয়ার ফকির (৪০) নামে একজন নিহত হন। সানোয়ার ওই গ্রামের বক্স ফকিরের ছেলে। এ ছাড়া গালিব একই গ্রামের আবদুস সোবাহানের ছেলে ও ফরহাদ আবদুর রাজ্জাকের ছেলে।
শাহজাদপুর থানার ওসি আসলাম হোসেন বৃহস্পতিবার বিকেলে বলেন, সানোয়ার ফকির হত্যার ঘটনায় তার মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। বাকি দুজন নিহতের ঘটনায় কোনো মামলা হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গ্রামের পরিস্থিতি শান্ত।
গত মঙ্গলবার সকালে চর বর্ণিয়া গ্রামের আখের, মতিন, হামিদ গ্রুপের সঙ্গে সায়েম ও মনি গ্রুপের ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়।
গাইবান্ধায় আহত ব্যক্তির মৃত্যু : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত রুবেল মিয়া নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। নিহত রুবেল উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের মৃত নজির হোসেনের ছেলে।