ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের নয়ানবাড়ী গ্রামে লাঠির আঘাতে বাবা ইউছুফ আলী ওরফে ইছবকে (৬০) তার ছেলে মোশাররফ হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
পরিবারের লোকজন হত্যার ঘটনা অস্বীকার করলেও স্থানীয়রা বলছেন, বিকাশে আসা ১ হাজার টাকার মধ্যে ৫০০ টাকা খরচ করে ফেলা নিয়ে তর্কের একপর্যায়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, গত মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়িতে সেই টাকা নিয়ে বাবার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে কাঠের লাঠি দিয়ে আঘাত করা হয়। পরদিন গত বুধবার সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ইউছুফ।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুজ্জামান বলেন, নিহতের পরিবারের লোকজন বলছে, স্ট্রোক করে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন ইউছুফ। অন্যদিকে স্থানীয়রা বলছে, ছেলের লাঠির আঘাতে মৃত্যু।
অন্যদিকে, লক্ষ্মীপুরের রামগতিতে মসজিদের মুয়াজ্জিন শিহাব উদ্দিন মাংস কাটা ছুরি দিয়ে স্ত্রী শাহনাজ বেগমকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে রামগতি পৌরসভার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিহাব স্থানীয় মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন। শাহানাজ চর পোড়াগাছা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফসিউল আলমের মেয়ে। মুয়াজ্জিন শিহাব উদ্দিনের বাড়ি চর আলেকজান্ডার ইউনিয়নের চর সেকান্তর রাস্তার মাথায়।