কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে প্রত্যাশিতভাবেই কানাডার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রেখেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। শট নিয়েছে ১৯টি, এর মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। এরপরও জয়ের ব্যবধান বাড়েনি মেসির অবিশ্বাস্য কিছু মিসের কারণেই।
ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা আছে শীর্ষে, কানাডার অবস্থান ৪৮তম। শক্তিমত্তা-সামর্থ্যে যোজন যোজন পিছিয়ে থাকা একটি দলের বিপক্ষে নিশ্চয় আরও বড় জয়ই প্রত্যাশা করেছিলেন আর্জেন্টিনার সমর্থকেরা।
সেটা কেন হয়নি, ব্যাখ্যা দিতে গিয়ে মেসি বলেছেন, ‘আমাদের জন্য আজ জায়গা খুঁজে পাওয়া কঠিন ছিল। বেশির ভাগ প্রতিদ্বন্দ্বীই আমাদের চেয়ে ভিন্নভাবে খেলে থাকে। বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে ও এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যেতে আমাদের ধৈর্য ধরতে হয়েছে। আগামী ম্যাচগুলোতেও আমাদের ধৈর্য ধরে রেখে খেলা চালিয়ে যেতে হবে এবং সুযোগ এলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হবে।’
কানাডা যে সহজে আর্জেন্টিনাকে জিততে দেবে না, সে ধারণা নিয়েই মাঠে নেমেছিলেন মেসি, ‘আমরা জানতাম কঠিন এক ম্যাচ হতে চলেছে। ওরা শরীরী ফুটবল খেলবে। প্রথমার্ধে খুব কম জায়গা পেয়েছি। সৌভাগ্যক্রমে আমরা দ্বিতীয়ার্ধে দ্রুত লক্ষ্য খুঁজে পেয়েছি। তারপরও কাজটা কঠিন ছিল।’
আর্জেন্টিনার পরের ম্যাচ আগামী বুধবার চিলির বিপক্ষে।