সাকিবকে ফর্মে ফেরাতে তাহলে শেবাগই ভরসা?

“আপনার পারফরম্যান্স নিয়ে অনেক আলোচনাই হচ্ছে। বিশেষত বীরেন্দ্র শেবাগের একটি মন্তব্য অনেকের নজরে এসেছে…” -সংবাদ সম্মেলনে প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়ে সাকিব আল হাসান পাল্টা প্রশ্ন করলেন- ‘কে’? সাকিব হয়তো ক্রিকেট ইতিহাসের অন্যতম ভয়ংকর ওপেনারের নামটা ঠিকঠাক খেয়াল করেননি। দুদিন আগেই তো শেবাগ তাকে ধুয়ে দিয়েছিলেন! টি-টুয়েন্টিতে সাকিবের মেয়াদ আরও দুই বছর আগেই ফুরিয়ে গেছে বলে স্বেচ্ছায় অবসরও নিতে বলেছিলেন।

ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ ব্যাট হাতে যেমন ধ্বংসাত্মক ছিলেন, কথাবার্তাও তার সোজাসাপ্টা। কাউকে ছাড় দিয়ে কথা বলেন না। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর সদ্যই টি-টুয়েন্টির বিশ্বসেরা অল-রাউন্ডারের সিংহাসন হারানো সাকিবের উদ্দেশ্যে শেবাগের ‘শব্দবোমা’ নিয়ে বিশ্ব মিডিয়াতেই সাড়া পড়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় সর্বদা সক্রিয় সাকিবের সেটা দৃষ্টিগোচর না হওয়ার কোনো কারণই নেই।

মজার ব্যাপার হলো, ঠিক পরের ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিব অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে হন ম্যাচসেরা। রসিক ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় লিখে দেন, শেবাগের কথায় কাজ হয়েছে। ফর্ম ফিরে পেয়েছেন সাকিব! তবে শেবাগের এই ‘শব্দবোমা’র মেয়াদ দীর্ঘায়িত হয়নি। পরের ম্যাচেই নেপালের বিপক্ষে করেন মাত্র ১৭ রান। আর শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের ম্যাচে তিনি যা করলেন- তাতে তার সমালোচনাই প্রাপ্য।

দলের চরম বিপদের সময় মার্কাস স্টয়নিসের লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি ফ্লিক করার চেষ্টায় সাকিব আগেই ব্যাট চালিয়ে দিলেন। বল তার ব্যাটের লেগে জমা পড়ল স্টয়নিসের হাতেই। ১০ বল খেলে টেনেটুনে ৮ রান করে ফিরলেন সাকিব। এর মধ্যে অন্তত তিনবার ক্যাচ দিয়েছেন। বাংলাদেশ থামল ১৪০ রানে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়া যে ১১.২ ওভার ব্যাটিং করেছে, তাতে সাকিবকে বোলিংয়েই আনেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

একটা সময় ছিল, যখন সাকিব ব্যাটিংয়ে কিছু করতে না পারলেও বোলিংয়ে পুষিয়ে দিতেন। তবে বিশ্বকাপে তার ওপর হয়তো পুরোপুরি আস্থা রাখতে পারছেন না শান্ত। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওভার আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১ ওভার বোলিং করিয়েছেন সাকিবকে দিয়ে। বাংলাদেশের অন্যতম সেরা এই তারকা নাকি পরের বিশ্বকাপেও খেলতে চান। রসিক অনলাইনবাসীরা তাই বলছেন, ততদিন টিকে থাকতে শেবাগই ভরসা!