আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রায় জনস্রোত

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রার আয়োজন করেছে দলটি। এরইমধ্যে শোভাযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জড়ো হয়েছেন দলের বিপুলসংখ্যক নেতাকর্মী। এক কথায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিউটশনের সামনে থেকে শাহবাগ পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীর জনস্রোত তৈরি হয়েছে।

আজ শুক্রবার (২১ জুন) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিউটশনের সামনে থেকে এই শোভাযাত্রা শুরুর কথা। সেখানে দুটি ট্রাকে অস্থায়ী মঞ্চ স্থাপন করা হয়েছে। শোভাযাত্রার আগে এখানে সমাবেশ অনুষ্ঠিত হবে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

সমাবেশ মঞ্চে এরই মধ্যে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত হয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাদেরও দেখা গেছে সমাবেশ মঞ্চে। সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিন জুমার নামাজের পর থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। বেলা তিনটা পর্যন্ত ঢাকার বিভিন্ন সংসদীয় আসন থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন। একই সঙ্গে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের নেত্রীরা বাংলাদেশের বিশাল আকারের পতাকা নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়েছেন।

রাজধানী ঢাকার উত্তর প্রান্ত থেকে কর্মসূচিতে যোগদান করতে আসা নেতাকর্মীদের হাতিরঝিল, মগবাজার ও মৎস্যভবনের সড়কসমূহ এবং ঢাকার দক্ষিণ প্রান্ত থেকে আসা দলীয় নেতাকর্মীদের গুলিস্তান, হাইকোর্ট মাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়কসমূহ ব্যবহারের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।