২৪ বছর পর উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন তারা, যেখানে বলা হয়েছে তাদের দুই দেশের বিরুদ্ধে যে কোনো ‘আগ্রাসনে’ তারা পরস্পরকে সহায়তা করবেন।
এদিকে উত্তর কোরিয়া সফরে গিয়ে বুধবার (১৯ জুন) কিমকে রাশিয়ার তৈরি বিলাসবহুল অরাস লিমুজিন গাড়ি, একটি অ্যাডমিরালের ছুরি এবং একটি টি সেট উপহার দেন পুতিন। এর পরদিন বৃহস্পতিবার (২০ জুন) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দুটি পুংসান জাতের কুকুর উপহার দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
বৃহস্পতিবার কোরিয়ার সেন্ট্রাল টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি বেড়ার মধ্যে আটকানো কুকুর দুইটির দিকে তাকিয়ে রয়েছেন পুতিন ও কিম। পুতিনকে সেগুলো দেখাচ্ছেন কিম। পুতিনকে দেওয়া এই কুকুর শিকারি জাতের। এটি উত্তর কোরিয়ার জাতীয় কুকুরের জাত। পুংসান অত্যন্ত বিরল কুকুরের জাত, যা মূলত উত্তর কোরিয়ার বাইরে পাওয়া যায় না।
পুংসান কুকুরের জাতটি তার মালিকের প্রতি খুব অনুগত এবং আক্রমণের সময় অতি হিংস্র। তারা কোনো বিষয় হুমকি মনে করলে সাথে সাথে তার দিকে ঝাঁপিয়ে পড়ে শিকারের গলায় কামড় দেয়। তবে পুতিন কিন্তু কিমের কাছ থেকে পুংসান কুকুর উপহার পাওয়া একমাত্র রাষ্ট্রপ্রধান নন। এর আগে ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনকে একই প্রজাতির দুটি কুকুর দিয়েছিলেন কিম।