বিমানবন্দরের সীমানা কেটে টেলরের বিমানে ‘হামলা’

আপডেট : ২১ জুন ২০২৪, ০৬:২৭ পিএম

বিশ্বের বিভিন্ন দেশ মাতিয়ে এবার লন্ডনের বুকে ঝড় তুলতে প্রস্তুত সময়ের অন্যতম সেরা পপতারকা, মিউজিক্যাল সেনসেশন টেলর সুইফট। গত বছর শুরু হওয়া গায়িকার ‘এরাস ট্যুর’ এবার যুক্তরাজ্যের মানুষের হৃদয়ে ঝড় তুলতে যাচ্ছে। শুক্রবার (২১ জুন) আন্তর্জাতিক এই পপ সেনসেশন ইউকে’র আইকনিক ভেন্যু ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করবেন। ইউকের আটটি কনসার্টের প্রথম কনসার্ট এটি।

কিন্তু এরই মধ্যে বিপত্তি ঘটিয়েছেন জাস্ট স্টপ অয়েল নামে পরিবেশবাদী একটি গ্রুপ। তারা বিমানবন্দরের সীমানা জাল কেটে ভেতরে ঢুকে কমলা রঙের স্প্রে ছড়িয়ে নষ্ট করেছে সুইফটের ব্যক্তিগত জেট বিমান। এ ঘটনায় জেনিফার কোয়ালস্কি (২৮) ও কোল ম্যাকডোনাল্ড (২২) নামে দুই নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। 

নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়, ইরাস ট্যুরে এই মুহূর্তে যুক্তরাজ্যে রয়েছেন টেলর সুইফট। ওয়েম্বলি উড়ে যাওয়ার আগে লন্ডনের স্ট্যানস্টেড এয়ারপোর্টে সেখানে দাঁড়িয়ে ছিল সুইফটের ব্যক্তিগত বিমান। সেই সময়েই ওই এয়ারপোর্টে হানা দেন দুজন পরিবেশবাদী নারী। 

প্রতিবাদ জানাতে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বিমানে অরেঞ্জ স্প্রে করে দেন তারা। যে বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে রয়েছে সুইফটের ব্যক্তিগত জেটও। খবরে বলা হয়, অ্যান্টি ফসিল ফুয়েল প্রোটেস্টের অংশ হিসেবে এমনটা করা হয়েছে। জাস্ট স্টপ অয়েল নামের এক পরিবেশবাদী সংস্থা প্রাইভেট জেটগুলোতে এই আক্রমণের দায় স্বীকার করেছে। 

শুধু দায় স্বীকার নয়, রীতিমতো রঙে ভর্তি হয়ে থাকা বিমানগুলোর সামনে দাঁড়িয়ে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন তারা। তাদের দাবি, এভাবে প্রাইভেট জেট নিয়ে ঘোরা ফেরা করাতে বাড়ছে কার্বন নির্গমন। আর তার কারণেই গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব ভোগ করতে হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত