সুজানগরে মোটরসাইকেল থামিয়ে যুবককে কুপিয়ে হত্যা

পাবনার সুজানগর উপজেলার রানীনগর গ্রামে পূর্ব বিরোধের জেরে কুপিয়ে আলামিন হোসেন (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ জুন) সন্ধ্যার দিকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বিকেল ৩টার দিকে ওই যুবককে কুপিয়ে জখম করা হয়।

নিহত আলামিন হোসেন উপজেলার আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের রানীনগর গ্রামের শহিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আলামিন মোটরসাইকেলযোগে পাশের এলাকা ভাদাইয়ে দাওয়াত খেতে গিয়েছিলেন। ফেরার পথে রানীনগর ক্লাবের সামনে এলে তার গতিরোধ করে শাহজাহান বিশ্বাসের ছেলে শামীম ও শিমুলসহ কয়েকজনের একটি দল। এরপর চাপাতিসহ বিভিন্ন দেশি অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়া কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠান। রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

নিহতের চাচাত ভাই হাফিজুর রহমান টিপু বলেন, শামীম ও শিমুলসহ যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা রানীনগর ইউপি চেয়ারম্যান পিযুশের বাহিনী। এরা বিজয়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাবের সমর্থক।

তিনি আরও বলেন, উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহিন ভোটে হেরে যাওয়ার পর থেকেই আলামিনসহ আমাদের পরিবারের লোকদের তারা মারার চেষ্টা করছে। পরিকল্পিতভাবে মোটরসাইকেল থামিয়ে আলামিনকে হত্যা করেছে। প্রকাশ্য দিবালোকে এমন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাই।

তবে এটি নির্বাচন পরবর্তী সহিংসতা নয় বলে দাবি করেছেন সুজানগর উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব। তিনি বলেন, রাজনৈতিক  স্বার্থ চরিতার্থ করতে উপজেলায় ঘটে যাওয়া যে কোনো ঘটনাকে নির্বাচন পরবর্তী সহিংসতা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। আলামিন হত্যার ঘটনাটি পারিবারিক কোন্দলের জেরে ঘটেছে।

তিনি বলেন, খড় শুকানোকে কেন্দ্র করে ওই দুই পক্ষের মাঝে এর আগেও ঝামেলা হয়েছে। এ নিয়ে সম্ভবত মামলাও হয়েছে। সেটির জেরেই আলামিনকে মারধরের ঘটনা ঘটেছে। এটি কোনোভাবেই নির্বাচন সংশ্লিষ্ট ঘটনা নয়।

এ বিষয়ে সুজানগর সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার রবিউল করিম বলেন, মারধরের ঘটনায় আলামিন নামের একজন নিহত হয়েছে। তবে ঘটনাটি কোন বিষয়কে কেন্দ্র করে ঘটেছে সেটি জানতে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।