ঈশ্বরদীতে সরকারি খাল খনন কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনায় কর্মসূচি স্থগিত করে উপজেলা প্রশাসন। যার প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের পদত্যাগ দাবি করে ঈশ্বরদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রবিবার (৩ মে) ঈশ্বরদীতে নির্ধারিত একটি খাল খনন কর্মসূচী স্থগিত করা হলে এসব ঘটনা ঘটে।
একাধিক সূত্র জানায়, জাতীয় উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ঈশ্বরদীতে খাল খনন কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। গত বুধবার (২৯ এপ্রিল) উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে প্রায় ৫৪ লাখ টাকা ব্যয়ে একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
পরবর্তী ধাপে মুলাডুলি-শ্রীরামপুর এলাকায় প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার খাল খননের আরেকটি কর্মসূচি রবিবার (৩ মে) উদ্বোধন হওয়ার কথা। কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় চরম উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা থাকায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ সোয়াইব ‘অনিবার্য কারণ’ দেখিয়ে অনুষ্ঠানটি ‘স্থগিত’ ঘোষণা করেন।
এ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা রবিবার (৩ মে) সকাল ১১টায় শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল সংলগ্ন রেলগেট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে তারা অভিযোগ করে বলেন, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল এমপিকে প্রধান অতিথি করে মুলাডুলিতে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করার কথা। এজন্য এমপি মহোদয়ের কাছ থেকে সময় নিয়ে প্রোগ্রাম ঠিক করা হয়েছে। অথচ তাকে না জানিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছে এটা চরম অন্যায় ও অবমাননাকর। ঈশ্বরদীর প্রশাসন একটি পক্ষের হয়ে কাজ করছে। এ সময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবি করেন এবং দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে প্রশাসনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে বলেও জানান পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, জামায়াতের এমপি আবু তালেব মণ্ডলকে অতিথি করায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থার পরামর্শে প্রশাসন কর্মসূচি স্থগিত করেছে। এটি একটি দায়িত্বশীল সিদ্ধান্ত। তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচি দেশের কৃষি উন্নয়ন, পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এই কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।
খাল খনন প্রকল্পের সংশ্লিষ্ট ঈশ্বরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন জানান, প্রায় ১ কিলোমিটার খাল খননে ৮০ লাখ টাকা ব্যয় নির্ধারিত ছিল। তবে নিরাপত্তা বিবেচনায় নির্ধারিত সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচী জানানো হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তার ব্যবহৃত সরকারি মোবাইল ফোনে বার বার কল দিলেও তিনি রিসিভ করেননি এমনকি ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোন উত্তর দেননি।
নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ২
ভারতে মাছ রপ্তানি বাড়ছে বেনাপোল দিয়ে, জনপ্রিয়তায় শীর্ষে পাবদা