ট্রেনের ছাদে উঠে ভ্রমণ, মাথায় আঘাত পেয়ে তরুণের মৃত্যু

ট্রেনের ছাঁদে উঠে ভ্রমণের সময় ময়মনসিংহ শহরের কেওয়াটখালি রেল সেতুতে মাথায় আঘাত পেয়ে অজ্ঞাত (১৮) এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। ওই তরুণ ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ছাদে বসে ভ্রমণ করছিলেন। 

পুলিশ জানায়, ঈদের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরছেন। নিহত অজ্ঞাত যুবক ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে ভেতরে ও ছাদে প্রচণ্ড ভিড় থাকায় ইঞ্জিনের ছাদে ভ্রমণ করছিলেন। ট্রেনটি কেওয়াটখালি রেল সেতু পার হওয়ার সময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়ে পথেই তার মৃত্যু হয়। পরে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির সময় ছাদে ভ্রমণ করা অন্য যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ তরুণকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও ফাঁড়ি ইনচার্জ এসআই কার্তিক চন্দ্র রায় বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।