বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ রবিবার দুপুরে তিনি হাসপাতালে যান এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি প্রায় ঘণ্টা অবস্থান করেন।
সেখানে তিনি মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. জাফর ইকবালের সঙ্গে সাক্ষাৎ করে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় তার সঙ্গে দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে এগারোটায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা এতে অংশ নেন।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত বছরের ৯ আগস্ট তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন ৫ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি তিনি বাসায় ফেরেন। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করে তাকে চিকিৎসা দেওয়া হয়।