তীব্র গরমে মক্কা-মদিনায় জুমার খুতবা সংক্ষিপ্ত করল সৌদি

  • জুমার খুতবা এবং নামাজের সময়কাল ১৫ মিনিটে নামিয়ে আনা হবে জানিয়েছে কর্তৃপক্ষ
  • তীব্র তাপপ্রবাহের কারণে চলতি গ্রীষ্মের শেষ পর্যন্ত এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে
আপডেট : ২৩ জুন ২০২৪, ০২:৪০ পিএম

তীব্র গরম ও তাপে নাকাল সৌদি আরব। যার কারণে এবার রেকর্ড সংখ্যক হাজির মৃত্যুও হয়েছে দেশটিতে। তাই প্রচন্ড গরমে এবার পবিত্র দুই মসজিদে জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এছাড়া এই নির্দেশনায় শুক্রবারের জুমার নামাজের প্রথম ও দ্বিতীয় আযানের মধ্যবর্তী সময়ও কমিয়ে দেওয়া হয়েছে। শনিবার (২২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রচণ্ড গরমে ও তীব্র তাপপ্রবাহের কারণে চলতি গ্রীষ্মের শেষ পর্যন্ত এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে মসজিদগুলোর কর্তৃপক্ষদের।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে চলমান গ্রীষ্ম মৌসুমের শেষ পর্যন্ত দুটি পবিত্র মসজিদে জুমার নামাজের আগে নির্ধারিত খুতবা সংক্ষিপ্ত করতে হবে।

রাজকীয় নির্দেশের অধীনে ইসলামের পবিত্র দুই মসজিদে জুমার খুতবা এবং নামাজের সময়কাল ১৫ মিনিটে নামিয়ে আনা হবে বলে সৌদি আরবের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন। গত শুক্রবার থেকেই এই নির্দেশনা পালন শুরু হয়েছে এবং গ্রীষ্মের শেষ অবধি এটি অব্যাহত থাকবে।

আগে জুমার খুতবা সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট স্থায়ী হতো। মূলত প্রচণ্ড গরমের মধ্যে মুসল্লিদের সুরক্ষার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া শুক্রবার দুপুরের সাপ্তাহিক জামাতের নামাজের জন্য প্রথম আযান এবং দ্বিতীয় আযানের মধ্যে সময়কাল ১০ মিনিটে কমিয়ে দেওয়া হয়েছে।

সৌদি ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দেশটির বেশিরভাগ অংশে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। বলা হচ্ছে, এসময় তাপমাত্রা ৪৮-৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত