নেশাদ্রব্য মিশিয়ে কাশির সিরাপ খেয়ে চিরঘুমে ২ কিশোর

চট্টগ্রামের হাটহাজারীতে নেশাদ্রব্য মিশিয়ে কাশির সিরাপ সেবন করায় ২ কিশোরের মৃত্যু হয়েছে। তারা হলেন মো. শাকিল (১৭) ও মো. রাসেল (১৯)। তারা সম্পর্কে একে অপরের খালাতো ভাই।

আজ রবিবার বেলা ১২টার দিকে হাটহাজারী মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান দুই কিশোরের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার পশ্চিম দেওয়াননগরস্থ কৃষি গবেষণা ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, রাসেল ও শাকিল পৌরসভার কাঁচা বাজারে সবজি বিক্রি করতেন। ঘটনার দিন শনিবার গভীর রাতে তারা উল্লেখিত এরাকার একটি কালভার্টের ওপর বসে দুজন সিরাপের সঙ্গে নেশা জাতীয় পানীয় পান করেন। এক পর্যায়ে তারা সেখানে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত মো. রাসেল পৌরসভার দেওয়াননগর এলাকার হামিদ আলী তালুকদার বাড়ির আব্দুস শুক্কুরের ছেলে এবং মো. শাকিল একই এলাকার সিদ্দিক আহমেদ বাড়ির মৃত ইলিয়াছের ছেলে।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক রহমত উল্লাহ জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করতে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।