দক্ষিণ আফ্রিকার কাছে অলিখিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্যাট করতে নেমে অ্যান্টিগায় স্পিনারদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু বেশিদূর এগোতে পারেনি তারা। গুটিয়ে গেছে মাত্র ১৩৫ রান তুলতেই। প্রোটিয়ারা ২ ওভার ব্যাট করতেই নামে বৃষ্টি। তাতে কাটা যায় ওভার। তাদের লক্ষ্যটাও নেমে আসে ১২৪ রানে।
তবে ওয়েস্ট ইন্ডিজের হারের বড় একটা কারণ আন্দ্রে রাসেলের রানআউট। নরকিয়ার ১৭তম ওভারে প্রথম দুই বলে ছক্কা মারার পর সিঙ্গেলস নিয়ে স্ট্রাইক হারিয়েছিল। আকিল হোসেন ষষ্ঠ বলে সিঙ্গেলস নিলে, পরের ওভারের শুরুতে আবার স্ট্রাইক হারা রাসেল। কিন্তু প্রথম বলে রিস্কি সিঙ্গেল নিতে গিয়ে নরকিয়ার থ্রোতে রানআউট রাসেল। অথচ রাসেল থাকলে বাকি ১৭ বলে সে স্কোরটাকে অনেক উপরে নিতে পারতো।
যদিও রাসেলের ব্যর্থ হয়েছেন বাকিরাও। ম্যাচটা শেষ পর্যন্ত যেতে পেরেছে শুধু উইন্ডিজ বোলারদের কল্যাণে। ম্যাচ শেষে তাই অধিনায়ক রোভম্যান পাওয়েল কৃতিত্ব দিলেন খেলোয়াড়দের।
তিনি বলেন, ‘আমি মনে করি, কৃতিত্ব ছেলেদেরই দিতে হবে। কারণ তারা শেষ পর্যন্ত লড়াই করেছে। এমন একটা ব্যাটিং পারফরম্যান্স ছিল যা ভুলে যাওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। বিশেষ করে মাঝের ওভারগুলোতে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। আমার মনে হয়, উইকেট সহজ ছিল না, বিশেষ করে শুরুতে যারা ব্যাটিং করেছে, তাদেরকে লড়াই করতে হয়েছে।’
মাঝের ওভারে একের এক উইকেট হারিয়েছিল উইন্ডিজরা। যা ছিল এবারের টুর্নামেন্টে তাদের প্রথম, ‘মাঝের ওভারগুলোতে আমরা গুচ্ছ গুচ্ছ উইকেট হারিয়েছি। এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো আমরা গুচ্ছ গুচ্ছ উইকেট হারিয়েছি। যা সব সময় ব্যাটিং দলের মেরুদণ্ড ভেঙে দেয়।’
দলীয় সংগ্রহ নিয়ে আফসোস রয়ে গেছে তার। তবে বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি, ‘আমি মনে করি এটি একটি প্রশংসনীয় বোলিং প্রচেষ্টা ছিল। ইনিংস শেষে আমরা বলেছিলাম, আমরা কেবল আমাদের সবটুকু দিতে যাচ্ছি। যা হবার তাই হবে। অর্ধেক পথে ছেলেদের কৃতিত্ব দিতে হবে। তারা দলকে লড়াইয়ে রেখেছিল। কিন্তু আমাদের সংগ্রহ ছিল মাত্র ১৩৫।’
শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ৩ উইকেটে ম্যাচ হেরে সুপার এইটের লড়াই থেকেই বিশ্বকাপের অভিযান শেষ হয় উইন্ডিজের। যে হারে শেষ হয়ে যায় সেমিফাইনালে খেলার স্বপ্ন।