বিশ্বকাপ জিততে নেইমারকে ভুলে তারুণ্য নির্ভর ব্রাজিল গড়তে চান দরিভাল

চিরপ্রতিদ্বন্দ্বিআর্জেন্টিনা জয় দিয়ে শুরু করেছে। জয়ের দেখা পেয়েছে উরুগুয়ে, মেক্সিকোও। ফেভারিটের তকমা নিয়ে আসা ব্রাজিলও তাই কোপা আমেরিকার অভিযানটা জয় দিয়ে শুরু করতে চায়। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের আগে ভারসাম্য ও ধারাবাহিক সাফল্যের উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

গত জানুয়ারিতে দায়িত্ব নেয়া দরিভালের অধীনে দলটি খেলেছে মাত্র চার ম্যাচ। তাই তিনি নিজেও জানেন দল স্থিতিশীল অবস্থায় নেই। একসঙ্গে সব খেলোয়াড়রা দীর্ঘ সময় না থাকার কারণেই এটা হয়েছে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দরিভাল বলেন, ‘মাত্র তিন মাস আগে একত্রিত হওয়া দলটির জন্য আমাকে ভারসাম্য খুঁজে বের করতে হবে। ১৫-২০ দিনের কাজের একটি নির্দিষ্ট সময়ের পরে তাদের আবার নিজেকে খুঁজে পেতে হবে।’ তিনি যোগ করেছেন, ‘ফুটবলে আপনি অনুশীলনে প্রস্তুতির ধাপগুলো বাদ দেন না, কিন্তু এ কারণেই আমরা তাদের প্রত্যেককে একটি ধারাবাহিক এবং আত্মবিশ্বাসী স্কোয়াড তৈরি করার জন্য ত্বরান্বিত করার চেষ্টা করি যা সুযোগ তৈরি করতে পারে মাঠে। সেখানে তারা যেন নিজেদের দক্ষতা দেখাতে পারে।’

রিয়াল মাদ্রিদের সেন্টার-ব্যাক এদের মিলিতাও ও আতলেতিকো মিনেইরোর ফুল-ব্যাক গিলের্মো আরানাকে নিয়ে শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন কোচ, ‘শুরুর একাদশে থাকবে মিলিতাও ও আরানা। প্রতি ম্যাচেই প্রয়োজনে একটা-দুটো করে পরিবর্তন আসবে। সব খেলোয়াড় প্রস্তুত। এর কোনোটিই আমাদের প্রত্যাশার নিচে নয়। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।’

সদ্য রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া এনদ্রিককে কোস্টারিকার বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে না শুরুর একাদশে। তবে দ্বিতীয়ার্ধে তাকে নামানো হতে পারে বলে আশা করা হচ্ছে। কারণ দরিভাল ১৭ বছর বয়সী স্ট্রাইকারকে ‘কিছুটা ধৈর্য’ ধরতে বলেছেন, ‘এটা এমন কিছু যা সহজাতভাবেই ঘটবে। সে অত্যন্ত দক্ষ হওয়ায় খুব বেশি সময় অপেক্ষা নাও করা লাগতে পারে। আমি তাকে মাঠে নামাতে উদগ্রীব হয়ে আছি। তবে আপনার অবশ্যই একটি নির্দিষ্ট ভারসাম্য থাকতে হবে। তার চমৎকার দক্ষতা আছে এবং সে সবচেয়ে প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের একজন।’

কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে ব্রাজিল ৩-২ গোলে হারিয়েছিল মেক্সিকো-কে। আয়োজক আমেরিকার সঙ্গে ম্যাচ শেষ হয় ১-১ গোলে। দরিভাল মনে করেন, কাতার বিশ্বকাপের পরে ব্রাজিল ফুটবলে যে সাময়িক ছন্দহীনতা ধরা পড়েছিল, তার চেয়ে এখন পরিস্থিতি অনেকটাই উন্নত। তিনি বলেছেন, 'নতুন মুখদের ফুটবল আমি উপভোগ করছি। ওদের মানসিকতা বুঝতে চাইছি। এটা জোর দিয়ে বলাই যায়, এই ব্রাজিল দলের ফুটবলারদের আত্মবিশ্বাসে ঘাটতি নেই। ওরা দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম। এই কোপায় তার প্রতিফলন নিশ্চয়ই দেখা যাবে।'

সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র

তরুণ ব্রাজিলের অন্যতম মুখ ভিনিসিউস জুনিয়র। রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কারিগরকে চলতি কোপায় বাড়তি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন নতুন কোচ। তিনি বলেছেন, 'ভিনি কী মানের ফুটবলার, সেটা সকলে জানেন এবং রিয়ালের হয়ে গত মরসুমে ও তা প্রমাণ করেছে। আমি ভিনির মতো ক্ষিপ্র এবং তরতাজা ফুটবলার চাই, যে মাঠে নেমে প্রতিপক্ষকে ক্রমাগত চাপের মধ্যে রেখে দেওয়ার কাজ করবে।' যোগ করেন, 'রিয়ালের খেলার সঙ্গে ব্রাজিল ফুটবলের ধরনের বেশ সাদৃশ্য রয়েছে। তাই ভিনিকে নতুন করে কিছু বোঝানোর দরকার পড়বে না। ওকেই এই নতুন দলের মূল দায়িত্ব নিতে হবে। আশা করি, ভিনি সেই দায়িত্বেও নিজেকে প্রমাণ করবে।'

প্রশ্ন উঠেছে, চোট পেয়ে আপাতত মাঠের বাইরে থাকা নেইমার জুনিয়রকে কি তা হলে ফিরে আসার সুযোগ দিতে নতুন কোচ রাজি নন? দরিভাল বলেছেন, 'নেইমার ব্রাজিল ফুটবলের সম্পদ। তবে এখন চাই বড়মাপের একটা পরিবর্তন এবং সংস্কারের। সেখানে নেইমারকে বাদ দিয়ে নতুন মুখদের নিয়েই আমাকে কৌশল ঠিক করতে হবে। এই মুহূর্তে নেইমার আমার ভাবনায় নেই। ২০২৬ সালের বিশ্বকাপে হারানো গৌরব ফেরাতে হলে নতুন কিছু নিয়ে ভাবতে হবে। এই তরুণ ব্রাজিলের প্রতি অগাধ আস্থা রয়েছে আমার।'

তিতের উত্তরসূরি এ-ও জানিয়ে দিয়েছেন, প্রথাগত ব্রাজিলীয় ঘরানা ছেড়ে তিনি নতুন আঙ্গিকে দলকে খেলাতে চান। বলেছেন, 'ব্রাজিল ফুটবলে পাসিং একটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার প্রাসঙ্গিকতা এখনও রয়েছে, তবে যে হেতু সার্বিক ভাবে বিশ্ব ফুটবলের ধরন পাল্টেছে, তাই আমাকেও তার সঙ্গে মানিয়ে নিতে হবে।' 

দরিভাল যোগ করেন, 'উইং দিয়ে আক্রমণের সঙ্গে মাঠে অনেকটা ফাঁকা জায়গা তৈরি করে প্রতিপক্ষকে চাপে রাখার উপরে এখন সাফল্য নির্ভর করে। ফুটবলাররা যাতে স্বাধীন ভাবে নিজেদের ফুটবল খেলতে পারে, সেই সুযোগ দিতে হবে। মেক্সিকোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আমরা সেই পদ্ধতিতে খেলেছি। নতুনত্ব দেখা গিয়েছে খেলায়। কোস্টারিকার বিপক্ষে সেই কৌশল থাকবে।'