কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে আব্দুল মমিন নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা চট্টগ্রাম রেলপথের উপজেলার শিকারপুর এলাকার রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবদুল মমিন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং শিকারপুর গ্রামের বাসিন্দা। তবে কোন ট্রেনের ধাক্কায় বা কখন তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
স্থানীয়রা জানান, প্রতিদিন সকালে তিনি হাঁটতে বের হতেন। সোমবার ভোরেও রেললাইনের পাশে হাঁটতে বের হন। এ সময় তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান। পরে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারওয়ার বলেন, আমরা একজন ত্যাগী আওয়ামী লীগ কর্মীকে হারালাম। তার মৃত্যুতে আমরা শোকাহত।
এ বিষয়ে লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার বলেন, আমি অসুস্থ, ছুটিতে আছি। বিষয়টি শুনেছি।