ব্রাজিলের কোপা মিশন শুরু আজ

দুই সফলতম দল আর্জেন্টিনা ও উরুগুয়ে কোপা মিশন শুরু করেছে ইতিমধ্যে। তৃতীয় সফলতম ব্রাজিল শুরু করছে আজ। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় সকাল ৭টায় মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা তাদের প্রতিপক্ষ। শক্তি-সামর্থ্য, র‌্যাংকিং বা অতীত ইতিহাস সব দিক দিয়েই কোস্টারিকার চেয়ে এগিয়ে থেকে মাঠে নামছে ব্রাজিল। তবে কোস্টারিকার কোচ জানালেন, ব্রাজিলকে তারা ভয় পান না।

ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ কখনো ড্র হয়নি। আগের ১১ দেখায় ১০টিতে জয় ব্রাজিলের। একটিতে কোস্টারিকার। তা-ও সেই ১৯৬০ সালে, প্যান আমেরিকা চ্যাম্পিয়নশিপে। সবশেষ ২০১৮ বিশ্বকাপেও ব্রাজিল ২-০ গোলে হারিয়েছিল কোস্টারিকাকে। কোপার আগে প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলে ড্র হয় ব্রাজিলের ম্যাচ। তার আগে মেক্সিকোকে ৩-২ গোলে হারায় সেলেসাওরা।

কোস্টারিকার আর্জেন্টাইন কোচ গুস্তাফো আলফারো বলেন, ‘ব্রাজিলের এগিয়ে থাকাকে সম্মান করি কিন্তু ভয় পাই না। কারও বিপক্ষে খেলতে ভয় পেলে তার বিপক্ষে লড়াই করা যায় না। এগিয়ে থাকা দলের বিপক্ষেও লড়াই করা যায়। প্রচুর দৌড়াতে হবে। যদি দুজন ব্রাজিলিয়ান থাকে, সেখানে তিনজন কোস্টারিকানের থাকতে হবে।’

বিশ^কাপ বাছাই পর্ব ভালো কাটছে না ব্রাজিলের। প্রীতি ম্যাচেও তাদের ফল মিশ্র। জুনিয়র দরিভালের দলের বিপক্ষে তাই জয়ের ভালো সম্ভাবনা দেখছেন কোস্টারিকা কোচ। ‘ফুটবল এমন খেলা যেটায় আপনি ম্যাচ শুরুর আগে জানবেন না জিতবেন নাকি হারবেন। আমার মনে হয় কাতার বিশ্বকাপের পর থেকে ধারাবাহিক নয় ব্রাজিল।’

দরিভাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে জানালেন তরুণ খেলোয়াড়দের নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনার কথা। গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়া দরিভালের অধীনে ব্রাজিল খেলেছে চার ম্যাচ। তাই তিনি নিজেও জানেন দল স্থিতিশীল অবস্থায় নেই। একসঙ্গে সব খেলোয়াড় দীর্ঘ সময় না থাকার কারণেই এমনটি হয়েছে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দরিভাল বলেন, ‘মাত্র তিন মাস আগে একত্র হওয়া দলটির জন্য আমাকে ভারসাম্য খুঁজে বের করতে হবে।’ তরুণ ব্রাজিলের অন্যতম মুখ ভিনিসিউস জুনিয়র। ভিনিকে নিয়ে দরিভাল বলেন, ‘ভিনি কী মানের ফুটবলার, সেটা সবাই জানেন এবং রিয়ালের হয়ে গত মৌসুমেও তা প্রমাণ করেছেন। আমি ভিনির মতো ক্ষিপ্র এবং তরতাজা ফুটবলার চাই, যে মাঠে নেমে প্রতিপক্ষকে ক্রমাগত চাপের মধ্যে রেখে দেওয়ার কাজটা করবে।’

প্রশ্ন উঠেছে, চোট পেয়ে আপাতত মাঠের বাইরে থাকা নেইমার জুনিয়রকে কি তাহলে ফিরে আসার সুযোগ দিতে নতুন কোচ রাজি নন? দরিভাল বলেন, ‘নেইমার ব্রাজিল ফুটবলের সম্পদ। তবে এখন চাই বড় মাপের একটা পরিবর্তন। সেখানে নেইমারকে বাদ দিয়ে নতুন মুখদের নিয়েই আমাকে কৌশল ঠিক করতে হবে। এই মুহূর্তে নেইমার আমার ভাবনায় নেই। ২০২৬ সালের বিশ্বকাপে হারানো গৌরব ফেরাতে হলে নতুন কিছু নিয়ে ভাবতে হবে। এই তরুণ ব্রাজিলের প্রতি আস্থা রয়েছে আমার।’

প্রথাগত ব্রাজিলীয় ঘরানা ছেড়ে দরিভাল নতুন আঙ্গিকে দলকে খেলাতে চান। বলেন, ‘ব্রাজিল ফুটবলে পাসিং একটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার প্রাসঙ্গিকতা এখনো রয়েছে, তবে যেহেতু সার্বিকভাবে বিশ্ব ফুটবলের ধরন পাল্টেছে, তাই আমাকেও তার সঙ্গে মানিয়ে নিতে হবে।’

এই ম্যাচের আগে ডি গ্রুপের অপর খেলায় কলম্বিয়া মুখোমুখি হবে প্যারাগুয়ের। সেটি শুরু হয়েছে ভোর ৪টায়।