উইন্ডিজকে বিদায় করে ১০ বছর পর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

ঘরের মাঠে বিশ্বকাপ। তার ওপর ক্যারিবীয় ক্রিকেটাররা টি-টোয়েন্টি ফরম্যাটে দাপুটে পারফরম্যান্স করছেন অনেক দিন ধরেই। দুয়ে মিলে এবারের বিশ্বকাপে ফেভারিট ধরা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। গ্রুপ পর্বে তাদের পারফরম্যান্সে সেটির ছাপও ছিল। কিন্তু সুপার এইটে এসে খেই হারায় দলটি ইংল্যান্ডের কাছে হেরে। যুক্তরাষ্ট্রকে হারিয়ে ডু অর ডাই ম্যাচে এসে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নিল সেমিফাইনালের আগেই।

রবিবার অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান করেছিল ক্যারিবীয়রা। এই রান তাড়ায় বৃষ্টিতে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। পরে ডিএলএস মেথডে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ঠিক হয় ১৭ ওভারে ১২৩। এই লক্ষ্য ৭ উইকেট হারিয়ে ৫ বল আগে টপকে গিয়ে শেষ চারে পৌঁছে যায় প্রোটিয়ারা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৫ রানে হারায় শাই হোপ (০) ও ফর্মে থাকা নিকোলাস পুরানের (১) উইকেট। শুরুর ধাক্কা অবশ্য তারা দারুণভাবে কাটিয়ে উঠেছিল কাইল মায়ার্স ও রোস্টন চেজের ব্যাটে। দুজন মিলে গড়েন ৮১ রানের জুটি। এ জন্য অবশ্য প্রোটিয়াদের বদান্যতা আছে। জুটির সময় পড়ে সহজ চারটি ক্যাচ। চারটি সুযোগের দুটিই আসে অধিনায়ক এইডেন মার্করামের বলে, এমনিতে পার্টটাইমার হলেও টানা চারটি ওভার করেন এই অফ স্পিনার। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় স্পিনার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বোলিং ওপেন করার পর টানা ৪ ওভার করলেন তিনি।

দুই ফুলটাইম স্পিনার তাবরেইজ শামছি আর কেশব মহারাজের ৪ ওভারে পড়ে ৩ উইকেট। শামছির বলে মায়ার্স ৩৪ বলে ৩৫ রানে আউট হতেই আবার এলোমেলো ওয়েস্ট ইন্ডিজ। ৪২ বলে ৫২ রান করা রোস্টন চেজকেও আউট করেন শামছি। ৯৭/৬ এ অবস্থায় ১৬তম ওভারের শুরুতে ক্রিজে নেমেই দুই ছক্কায় সমর্থকদের নিরাপদ স্কোরে দলকে নেওয়ার আস্থা দিয়েছিলেন আন্দ্রে রাসেল। কিন্তু ১৮তম ওভারের শুরুতে নিজের ভুলে রানআউট হয়ে গেলে উইন্ডিজের লেজ ১৩৫ রান পর্যন্ত নিয়ে যেতে পেরেছেন।

নিজের প্রথম ওভারে দুই ওপেনারকে তুলে নিয়ে আন্দ্রে রাসেল নাচিয়ে তুলেছিলেন ক্যারবিয়ীদের। এরপর বৃষ্টিতে কিছুক্ষণ খেলা বন্ধ থাকলে ১৭ ওভারে প্রোটিয়াদের লক্ষ্য নেমে আসে ১২৩ রানে। এই লক্ষ্যও কঠিন করে তুলেছিলেন ক্যারিবীয়রা। ১৬তম ওভারের শুরুতে যখন ৭ম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা, তখনো জয় থেকে ১৩ রান দূরে তারা। শেষ পর্যন্ত মার্কো ইয়ানসেনের দৃঢ়তায় (১৪ বলে অপরাজিত ২১) ৫ বল হাতে রেখে জয় নিশ্চিত হয় তাদের। স্নায়ুচাপে চুপসে যাওয়ার জন্য কুখ্যাত দক্ষিণ আফ্রিকা এবার যে বিষয়টা ঘটতে দেয়নি, সে জন্য স্বস্তি প্রকাশ করেছেন অধিনায়ক মার্করাম, তবে এ অবস্থার পুনরাবৃত্তি চান না তিনি, ২০১৪ সালের পর প্রথম ওঠা সেমিফাইনালে। প্রতিপক্ষকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘আমরা নিজেদের সেরা ক্রিকেট ম্যাচটি এখনো খেলিনি। সেমিফাইনালে সেটি করার চেষ্টা করব।’

২০১৬-এর পর থেকে সেমিফাইনালে উঠতে আবার ব্যর্থ হলেও উইন্ডিজ অধিনায়ক রভমান পাওয়েল দেখতে পাচ্ছেন ইতিবাচক দিক, ‘বড় পরিসরে তাকালে দেখবেন, আমরা বিশ্বকাপ জিতিনি বা সেমিফাইনালেও উঠিনি। কিন্তু গত ১৫ মাসে যে ক্রিকেট খেলেছি, র‌্যাঙ্কিংয়ে ৯ থেকে ৩ নম্বরে এসেছি এটা প্রশংসাযোগ্য। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিয়ে ক্যারিবীয়তে অনেক উন্মাদনা আছে। এখন সেখানেই কাজ শুরু করতে হবে। দল হিসেবে কাজ করতে হবে এবং ক্যারিবীয় মানুষদের গর্বিত করতে হবে।’