ইউরো চ্যাম্পিয়নশিপে পোল্যান্ডের বিপক্ষে জয় পেলেও ফ্রান্সের সঙ্গে ড্র করে নেদারল্যান্ডস। এমন ফলাফল খারাপ বলার উপায় নেই। কিন্তু নিজেদের মানের ধারেকাছেও নেই ডাচরা। তাই দলটির পারফরম্যান্স নিয়ে হচ্ছে সমালোচনা। তবে সমালোচনা নয় ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইকের মনোযোগ খেলায় আরও উন্নতিতে।
ডাইক বলেন, ‘পোল্যান্ডের বিপক্ষে আমরা ৬০ মিনিট পর্যন্ত ভালো খেলেছি এবং অনেক সুযোগ তৈরি করেছি। তবে চাপে ছিলাম। বিশ^কাপের রানার্সআপ দলের বিপক্ষে গোল হজম না করা ভালো ব্যাপার। কিন্তু বল পজিশনে আমরা খুবই বাজে ছিলাম।’
জানালেন আরও উন্নতি করতে হবে তাদের। আর সেটা এই ইউরোতেই করে দেখাতে চান। ডাইক বলেন, ‘প্রত্যেকেরই নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে, এটা কোনো বিষয় না। এটা (সমালোচনা) আমাকে বিচলিত করে না, ফুটবলেরই একটা অংশ। প্রত্যাশা অনেক বেশি, ভালো একটি দল আমাদের। আমরা বড় ম্যাচে সেটা দেখাতে চাই। এই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আমরা এখনো উন্নতি করতে পারি।’