নাভিন-ফারুকির ৩ ওভারেই নেই ৩ উইকেট, এরপরই বৃষ্টি

 ১১৬ রানের লক্ষ্য বাংলাদেশকে ছুঁতে হবে ১২.১ ওভারে। রয়েছে বৃষ্টিতে ওভার ভেস্তে যাওয়ার সম্ভাবনা। সেই মেজাজে ব্যাটিংটা দারুণ শুরু করেন লিটন দাস। প্রথম বলেই নাভিন উল হককে মারেন চার। প্রথম ওভারের শেষ বলে হাঁকান ছক্কাও। 

তারপরেই খেলার মোড় ঘুরে যায়। ব্যাটসম্যানের নাম তামিম হলেই যেন জ্বলে ওঠেন ফজলহক ফারুকি। তুলে নেন উইকেট। বাঁহাতির জন্য ইনসুইংয়ে একেবারে বোকা বনে যান তানজিদ তামিম। ফেরেন শূন্য রানে। 

প্যাড পড়ে হৃদয় প্র্তুত থাকলেও ব্যাটিংয়ে নামেন অধিনায়ক শান্ত। পরের ওভারে নাভিনকে একটি চার মারেন। পরের বলে উড়িয়ে খেলতে গিয়ে একই জায়গায় ক্যাচ হন। 

এর পর নামেন সাকিব আল হাসান। সবাইকে হতভম্ব করে দিয়ে প্রথম বলেই নাভিনকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। 

৩.২ ওভারে ৩ উইকেটে ৩১ রান হওয়ার পর বৃষ্টিতে বন্ধ রয়েছে খেলা। লিটন ৮ বলে ১৩ এবং সৌম্য ৩ বলে ৬ রানে ক্রিজে আছেন।