ইনজুরি থেকে সেরে ওঠেননি। তা না হলে ১০ নম্বর জার্সিটা গায়ে চাপিয়ে মাঠেই থাকতেন নেইমার। সেটি না পারলেও গ্যালারিতে বসে দলকে চাঙ্গা করতে এসেছিলেন নেইমার। কিন্তু হয়েছেন হতাশ। তার চোখের সামনেই কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করেছেন ভিনিসিয়ুস-রদ্রিগোরা।
গত কয়েক বছর ধরেই ব্রাজিলের খেলার ধরন বদলেছে। সেই সঙ্গে সাফল্যও কমেছে। লাতিন আমেরিকার এই দেশ শেষবার বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। তারপর একের পর এক বিশ্বকাপ এসেছে আর একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরেছেন ব্রাজিলের সমর্থকেরা।
ম্যাচে ৭৪ শতাংশ বল দখলে রেখে ১৯টি শট নিয়েও গোলের দেখা পায়নি ব্রাজিল। অবশ্য এর মধ্যে অন টার্গেট ছিল মাত্র ৩টি শট। প্রথমার্ধের ৩৩ মিনিটে একবার বল জালে পাঠালেও ভিএআরে বাতিল হয় সেই গোল।
ব্রাজিলের পরের ম্যাচ প্যারাগুয়ের বিরুদ্ধে। ২৯ জুন হবে সেই ম্যাচ। গ্রুপের শেষ ম্যাচ কলম্বিয়ার বিরুদ্ধে, হবে ৩ জুলাই।