গোলে ১৯ শট নিয়েও কোস্টারিকার কাছে আটকে গেল ব্রাজিল

আপডেট : ২৫ জুন ২০২৪, ১১:৫৫ এএম

কোপা আমেরিকার শুরুটা ভালো হলো না ব্রাজিলের। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে কোস্টারিকার সঙ্গে আসরে ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে সেলেসাওরা। 

এই ম্যাচের আগে কোস্টারিকার আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারো বলেন, 'ব্রাজিলের এগিয়ে থাকাকে সম্মান করি কিন্তু ভয় পাই না। কারো বিপক্ষে খেলতে ভয় পেলে তার বিপক্ষে লড়াই করা যায় না। এগিয়ে থাকা দলের বিপক্ষেও লড়াই করা যায়। প্রচুর দৌড়াতে হবে। যদি দুইজন ব্রাজিলিয়ান থাকে সেখানে তিনজন কোস্টারিকানের থাকতে হবে।' তেমনটাই তারা করেছে মাঠে। 

ম্যাচে ৭৪ শতাংশ বল দখলে রেখে ১৯টি শট নিয়েও গোলের দেখা পায়নি ব্রাজিল। অবশ্য এর মধ্যে অন টার্গেট ছিল মাত্র ৩টি শট। প্রথমার্ধের ৩৩ মিনিটে একবার বল জালে পাঠালেও ভিএআরে বাতিল হয় সেই গোল। 

পুুরো ম্যাচে দাপট ব্রাজিল দেখালেও পায়নি ভাগ্যের সহায়তা। ম্যাচের ৭ম মিনিটে রাফিনহা দুর্দান্ত এক সুযোগ মিস করে শুরু করেন ব্রাজিলের দুর্ভাগ্যের। এর পর তো ভিএআরে বাতিল হয় মারকুইনোসের গোল।

গোলের উদযাপনে মাতলেও মার্কিনহোসের গোলটি ভিএআরে বৈধতা পায়নি

দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে সাভিনহো এবং এনদ্রিক মাঠে নামার পর আরও গতি বাড়ে ব্রাজিলের খেলায়। একের পর এক আক্রমণ চলতে থাকে কোস্টারিকার দূর্গে। তবুও কাজ হয়নি। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। 

গ্রুপের অন্য প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। কলম্বিয়ার হয়ে গোল করেন ড্যানিয়েল মুনোজ ও জেফারসন লারমা। প্যারাগুয়ের হয়ে গোল শোধ দেন জুলিও এনসিসকো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত