বাংলাদেশের হারে শেষ হলো ওয়ার্নারের অস্ট্রেলিয়া অধ্যায়ও

বিশ্বকাপ থেকে বাংলাদেশের হারে নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার বিদায়। একইসঙ্গে অনেকটা নীরবেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ান ক্রিকেটে ডেভিড ওয়ার্নার অধ্যায়। 

সেন্ট ভিনসেন্টে আফগানদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে ছিল নানা সমীকরণ। ১২.১ ওভারের মধ্যে জয় পেলে বাংলাদেশ যেত সেমিফাইনালে। আর এরপর জয় পেলে অস্ট্রেলিয়া যেতো সেমিফাইনালে। কিন্তু এসবের কিছুই হয়নি। বাংলাদেশ হেরেছে। আর বৃষ্টি আইনে ৮ রানের জয়ে আফগানিস্তান গেছে সেমিতে। 

তাতে শেষ হলো ডেভিড ওয়ার্নারের যাত্রাও। ভারতের বিপক্ষে গতকালের ম্যাচই ডেভিড ওয়ার্নারের খেলা শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকলো। অর্থাৎ ওয়ার্নার বিদায় নিয়েছেন ৬ বলে ৬ রান করে।

গেল গ্রীষ্মে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন ডেভিড ওয়ার্নার। ওয়ানডে থেকে অবসর নিয়েছেন তারও আগে। জানিয়ে রেখেছিলেন এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক অঙ্গনে সংক্ষিপ্ত এই ফরম্যাটকেও বিদায় বলবেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেভিড ওয়ার্নারের টি-টোয়েন্টি পরিসংখ্যান সম্বলিত পোস্টে তাকে ধন্যবাদ দিয়েছে।

অস্ট্রেলিয়ার পক্ষে ১১০ টি-টোয়েন্টি খেলে ৩২৭৭ রান করেছেন ওয়ার্নার।